ওয়্যারহাউজ স্থাপনের মাধ্যমে ই-কমার্স সেবা বাড়ানোর উদ্যোগ

১৩ এপ্রিল, ২০২০ ১৭:২২  
করোনার বিশেষ পরিস্থিতিতে ই-কমার্সের মাধ্যমে জরুরী সেবা নিরবিচ্ছিন্ন রাখার জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ওয়্যারহাউজ তৈরি এবং সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় ই-কমার্স ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন ই-ক্যাবের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছে সরকার। এক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাব, পোস্ট অফিস, এটুআই ও বিভাগীয় কমিশনারের কার্যালয়গুলো একসঙ্গে কাজ করবে বলে জানাগেছে। সোমবার (১৩ এপ্রিল) এ বিষয়ে সরকার ও অংশীজনদের মধ্যে একটি অনলাইন বৈঠক হয়েছে। বৈঠকে বাণিজ্য সচিব ড. মোঃ জাফর উদ্দীন, ঢাকা বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আযম ছাড়াও ই-ক্যাব সভাপতি শমী কায়সার এবং সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকার বাইরে ই-কমার্সের জন্য জরুরী ওয়ার হাউজ, সাপ্লাই চেইনের ব্যাকওয়ার্ড লিংকেজ ঠিক রাখার ব্যাপারে কিছু পদক্ষেপের বিষয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।